সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় জড়িতদের ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় জড়িতদের ছাড় নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। জমি নিয়ে বিরোধের জেরে এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পুরো ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ক্যান্টনমেন্ট থানার অধীনে মানিকদী নামপাড়ায় ৩৫ কাঠার একটি বিতর্কিত জমি নিয়ে নিউ গিনি প্রোপার্টিজ নামের একটি বিল্ডার প্রতিষ্ঠান ও এক অবসরপ্রাপ্ত সিনিয়র সামরিক কর্মকর্তার বিরোধ চলছে। ওই সামরিক কর্মকর্তার পক্ষে কিছু লোক রাতের অন্ধকারে জমি দখল করতে গিয়ে সেখানে সালমান মুক্তাদিরের টিনশেডের স্থাপনাসহ বেশ কিছু অংশে ভাঙচুর চালায়। ঘটনার পর ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।

সালমান মুক্তাদিরের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তিনি ফেসবুকে লাইভে এসে অভিযোগ করলেও কোনো মামলা করেননি। একপর্যায়ে তিনি বলেছেন তার কাছে কেউ চাঁদা চায়নি, আবার বিএনপি চাঁদা চেয়েছে বলেও ঢালাও অভিযোগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নির্দিষ্ট মামলা করা হলে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে।

এদিকে ২৫ তারিখ মধ্যরাতে মিরপুরের রাড্ডা ক্লিনিকে ভাঙচুরের ঘটনায় পুলিশি অবহেলার কারণে শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহার করে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ওই ঘটনায় ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার এবং মালামাল উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, অপরাধীদের কোনো রাজনৈতিক পরিচয় আমলে নেওয়া হবে না এবং সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।