হঠাৎ দেখে মনে হতে পারে এটি কোনো বিশাল এয়ারকন্ডিশন বা বিদ্যুৎচালিত যন্ত্র। কিন্তু আদতে বস্তুটি একটি বাড়ি!
লফ্ট কিউব নামের এ লিভিং স্পেসটি একটি পোর্টেবল হাউজ। অর্থাৎ, বাড়িটিকে এক স্থান থেকে অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়া সম্ভব। কখনও যদি আপনার মনে উদয় হয় পরিবেশ বদলানো দরকার, তাহলে ট্রাভেল ব্যাগ না গুছিয়ে গোটা বাড়িসহ রওয়ানা দিতে পারেন প্রিয় কোনো গন্তব্যে। আবার রাতের শহর দেখতে চাইলে বাড়ির ছাদে সংস্থাপন করতে পারেন লফ্ট হাউজ।
সাধ্যের মধ্যে অভিনব পোর্টেবল হাউজটির নকশা করেছেন স্থপতি ওয়ের্নার এইসলিঙ্গার।
লফ্ট কিউব নকশা করার আগে ওয়ের্নার বার্লিন শহরকে খুব ভালোভাবে দেখেছেন। সেখানে একটা জিনিস তার চোখে পড়ে। শহরের দালানগুলোর ছাদ পুরোটাই ফাঁকা। কোনো ব্যবহার নেই। তখন তিনি এমন একটি কমপ্যাক্ট স্পেস তৈরির কথা ভাবেন যা যেকোনো বাড়ির ছাদে সহজেই বসানো যাবে। এই ভাবনার অভিব্যক্তিই লফ্ট কিউব।
তাহলে বাড়ি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সাশ্রয়ী, মসৃণ ও আধুনিক আবাসন লফ্ট কিউবের আয়তন চারশো ৩০ বর্গফুট। স্পেসটির ক্রয়মূল্য শুরু হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার থেকে। যা বাংলাদেশি টাকার হিসেবে পড়ে ৩১ লাখ ১৩ হাজার টাকা প্রায়।
কিউবটি তৈরি করতে সময় লাগবে পাঁচ দিনের মতো। আরেকটি মজার বিষয়, এই বাড়ির কোনো মূলভিত্তি নেই। চার পায়ার সাহায্যেই দিব্যি দাঁড়িয়ে থাকে সে। স্পেসটি শুধু আধুনিকই নয়, বড় অ্যপার্টমেন্টের মতো এখানেও পাওয়া যাবে একই সুযোগ-সুবিধা।
এবার বাড়ির অন্দরমহল থেকে ঘুরে আসা যাক। বাড়ির ভেতরে চারটি আলাদা ভাগ রয়েছে। বসার ঘর, রান্নাঘর, শোবারঘর ও স্নানঘর। আরাম আয়েশের কোনো কমতি নেই এখানে। এয়ারকন্ডিশন থেকে শুরু করে বিনোদনের যাবতীয় ব্যবস্থা রয়েছে এই কিউবে। শুধু মাস্টার প্যানেলে প্রেস করুন আর দিব্যি যাপন করুন বিলাসবহুল জীবন।
ওহ আরেকটা কথা, লফ্ট কিউব হচ্ছে টেকসই হাইটেক বাড়ি, যার স্থায়ীত্ব থাকবে আজীবন।
https://www.youtube.com/watch?v=_qtBxaZyIFc
কিছু তথ্য –
বাড়িটির নাম ‘লফট কিউব’। ডিজাইনার ওয়ারনার আইসলিঙ্গার। প্রায় এক দশক আগে প্রকল্প হাতে নেন তিনি। বহুমুখী প্রতিভার অধিকারী এই জার্মান ডিজাইনার তার প্রকল্পে বিভিন্ন পটভূমি যোগ করেছেন।
এই প্রকল্প তৈরিতে তিনি একই সাথে বাণিজ্যিক নকশা, আর্কিটেকচার এবং এক্সপেরিমেন্টাল আর্টের সমন্বয় ঘটিয়েছেন। যা এই বাড়িটিকে দিয়েছে ভিন্নমাত্রা এবং স্বাতন্ত্র্য। এই বাড়িটির ডিজাইন করা হয়েছে ভ্রমণপিয়াসী, নতুনত্ব সন্ধানী মানুষদের জন্য।
লফটকিউব ৫২৭ স্কয়ার ফিট প্রশস্ত। জাপানে অনেকটা এধরণের একটি বাড়ি তৈরি হয়েছে যা ‘মিরাই নিহন হাউজ’ নামে পরিচিত। এটি ৪২০ স্কয়ার ফিট। এই দুটি বাড়ির মাঝে মিলটি হচ্ছে, এগুলো বহনযোগ্য, গতিশীল। ট্রাকের পেছনে বসিয়ে এই বাড়ি পছন্দ মত বিভিন্ন স্থানে নিয়ে যেতে পারবেন।
তবে লফট কিউব শিল্পে- সৌন্দর্যের দিকে বেশী নজর দেয়। আইসলিঙ্গার তার উদ্দেশ্য সম্পর্কে বলেছেন, “Successful architecture is a fusion of light, view, closeness, and individuality.”
এটি ৩৬০ ডিগ্রি ভিউয়ে ডিজাইন করা হয়েছে । এবং এই ঘরে আলো চলাচলের জন্য প্রচুর কাঁচের ব্যবহার করা হয়েছে। ফলে লফট কিউবে বসে চারপাশের মনোরম দৃশ্য উপভোগ করা সম্ভব। ক্ষুদ্র ফুটপ্রিন্ট ব্যবহার করে বিল্ডিং এর কাঁচের ঘনত্ব ঠিক রাখা হয়েছে।স্বতন্ত্র ভাবে যত বেশী কাঁচের ব্যবহার হয়েছে, এর গঠন ততই মসৃণ হয়েছে।
এতে রয়েছে নিজস্ব বিদ্যুৎ ব্যবস্থা, যার বিল বাড়িটির মতই ক্ষুদ্র! তৈরি করার সময়ই এতে প্রি-ফেব্রিকেটেড উপাদান ব্যবহার করা হয়েছে, ফলে তৈরির সময় খুব অল্প রিসোর্স থেকেই ভালো আউটপুট পাওয়া গেছে।
পুরো বাড়িটি একটি চকচকে আবরণে ঢাকা, ফলে এতে প্রচুর আলো এবং বায়ু চলাচল হয়; এবং এর শীতাতপ থাকে নিয়ন্ত্রিত। ক্রেতার চাহিদা এবং পরিবেশের কথা চিন্তা করে এর হিটিং এবং কুলিং সিস্টেম পরিবর্তন করা সম্ভব।
শুধু ডিজাইনেই নয়, এই বাড়িটির ভেতরে রয়েছে আরামদায়ক, মনোরম পরিবেশ। এটি পৃথিবীর যে কোন স্থানে বহন করে নেয়া সম্ভব। তবে আপাতত এটি স্পেন, বেলজিয়াম এবং কানাডায় রয়েছে। সম্প্রতি চমৎকার এই বাড়িটি স্থাপিত হয়েছে লেবাননের বৈরুতে, ভূমধ্যসাগরের কাছে ।
এখন সত্যিকার অর্থেই আপনি যেখানে, আপনার বাড়িও ঘুরবে সেখানে! আধুনিক যাযাবরের জন্য আদর্শ বাড়ি এই লফটকিউব।


















