সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপের দ্বিতীয় ম্যাচে সোমবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে হারের ধাক্কা কাটিয়ে এই ম্যাচে ইতিবাচক ফলের প্রত্যাশা করছে দল।

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল ৩টায় ম্যাচটি শুরু হবে। আসরের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ার দল।

ম্যাচের আগের দিন রোববার সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন মিডফিল্ডার সমিত সোম। তিনি জানান, গত এক বছরের মধ্যে সিঙ্গাপুরের কাছে তারা দুইবার হেরেছেন এবং সম্প্রতি ইন্দোনেশিয়ার বিপক্ষে দলটির খেলাও পর্যবেক্ষণ করেছেন। প্রতিপক্ষের দুর্বল জায়গাগুলো কাজে লাগানো এবং তাদের শক্তির জায়গাগুলো আটকে রাখাই এখন তাদের মূল লক্ষ্য। সমিতের মতে, অতীতে দুই হারের পর আসিয়ান কাপে ভালো কিছু করার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর এটিই সঠিক সুযোগ।

সিঙ্গাপুরের খেলার ধরন নিয়ে সমিত জানান, প্রতিপক্ষ দলটির নির্দিষ্ট একটি কাঠামো রয়েছে এবং তাদের দুই-তিনটি রোটেশন বিপজ্জনক হতে পারে। সেই সঙ্গে কয়েকজন খেলোয়াড় বেশ কার্যকর। আগের ম্যাচগুলোর অভিজ্ঞতা এবং সিঙ্গাপুরের সাফল্য বিশ্লেষণ করে নতুন কোচের অধীনে নিজেদের কৌশলে কিছু নতুন বিষয় যোগ করছে বাংলাদেশ দল।

মালয়েশিয়ার বিপক্ষে হারের পর আত্মবিশ্বাসে কিছুটা ধাক্কা লাগলেও ড্রেসিংরুমের পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানান এই মিডফিল্ডার। তিনি উল্লেখ করেন, প্রথম ম্যাচের পারফরম্যান্সে কেউ খুশি না হলেও দলের সবার মনোযোগ এখন পুরোপুরি সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের দিকে। অতীতে পয়েন্ট পাওয়া বা জয়ের সুযোগ হাতছাড়া হওয়ার অভিজ্ঞতা এবারের ম্যাচে নিজেদের প্রমাণে বাড়তি তাগিদ দিচ্ছে বলে জানান তিনি।