পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ও জোগো’ দাবি করেছে তিনি আর খেলবেন না, তবে এখনও কোনো আনুষ্ঠানিক অবসর ঘোষণা আসেনি।
কোপেনহেগেনে পর্তুগাল দলের হোটেল ছেড়ে বুধবার চলে গেছেন অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ সংবাদমাধ্যম ‘ও জোগো’ দাবি করেছে, জাতীয় দলের হয়ে আর না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন এই ফরোয়ার্ড।
সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ওয়েলসের বিপক্ষে আলভালাদে স্টেডিয়ামে পর্তুগালের ১-০ ব্যবধানে জয়ের ম্যাচটিই ছিল দেশের জার্সিতে রোনালদোর শেষ ম্যাচ। তবে তিনি এখনো আনুষ্ঠানিকভাবে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেননি।
জাতীয় দলের কোচ হোর্হে জেসুসের সংবাদ সম্মেলন শেষে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোয়েনসার সঙ্গে কথা বলেন রোনালদো। এরপরই তিনি ক্যাম্প ত্যাগের সিদ্ধান্ত নেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্প ছাড়ার বিষয়টি নিশ্চিত করে রোনালদো লিখেছেন, ‘জাতীয় দলের কোচের সংবাদ সম্মেলনের পর এবং পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (এফপিএফ) সভাপতির সঙ্গে কথা বলার পর আমি জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ‘
তিনি আরও লিখেছেন, ‘যথাসময়ে আমি সব পর্তুগিজ মানুষের কাছে জাতীয় দল ছাড়ার পেছনের কারণের সত্যটা জানাব। জাতীয় দলের প্রতি আমি সবসময়ই নিবেদিত ছিলাম। এখন পর্তুগাল ও আমার সব সতীর্থকে, কোনো ব্যতিক্রম ছাড়াই, শুভকামনা জানানোই সময়ের দাবি। ‘
২০০৩ সালে পর্তুগালের জার্সিতে রোনালদোর অভিষেক হয়। জাতীয় দলের হয়ে ২৩৪ ম্যাচে তিনি ১৪৬ গোল করেছেন, যা ম্যাচ ও গোল—উভয় ক্ষেত্রেই পর্তুগালের রেকর্ড। ৪১ বছর বয়সী এই তারকা বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসরে খেলছেন।

