অস্ট্রেলিয়ার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে সফরকারী বাংলাদেশ দলকে সতর্কবার্তা দিলেন অজি অধিনায়ক সোফি মলিনিউ।
অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯, ১১ ও ১৪ অক্টোবর মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল। এই সিরিজের আগে বাংলাদেশ নারী দলকে কোনোভাবেই হালকাভাবে না নেওয়ার বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দলের অধিনায়ক সোফি মলিনিউ।
সিরিজে স্বাগতিক অস্ট্রেলিয়া পরিষ্কার ফেভারিট হলেও মলিনিউ মনে করিয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের কথা। ডিজিইএন ডট নিউজ-এর প্রতিবেদন অনুযায়ী তিনি বলেন, ‘খেলাধুলা তো এমনই, তাই না? যেকোনো দিন যেকোনো কিছুই ঘটতে পারে। আর খেলাধুলার এই বিষয়টি সবার জন্য একটি ভালো বার্তা বা স্মারক। ওই টেস্টে বাংলাদেশ অসাধারণ খেলেছে। বিষয়টি দারুণ ছিল। আমি নিশ্চিত, আমাদের এই সিরিজটিও ব্যতিক্রম হবে না এবং এখানেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। ‘
মলিনিউ জানান, বাংলাদেশ তাদের সামনে ভিন্ন ধরনের চ্যালেঞ্জ তৈরি করে। নিজেদের কন্ডিশনে বাংলাদেশকে এনে খেলানো নারী ক্রিকেটের অগ্রগতির প্রমাণ বলে মনে করেন তিনি। উভয় দলের জন্যই সিরিজটি উত্তেজনাকর হতে যাচ্ছে জানিয়ে দর্শকরা মাঠে এসে একটি ভালো লড়াই দেখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশের বোলিং আক্রমণ সামলানোর প্রস্তুতি নিয়ে মলিনিউ বলেন, ‘আমার মনে হয়, আমাদের অনেক বিষয় নিয়েই কাজ করতে হবে। তারা সত্যিই একটি দক্ষ দল। বোলিংয়ের দিক থেকে দেখলে, তারা বলের গতি কমিয়ে বা ‘পেস অফ’ করে বল করার কৌশল বেশি ব্যবহার করে। আমরা সাধারণত বলের ওপর ভালো গতি বা ‘পেস’ পেতে অভ্যস্ত, কিন্তু তাদের দলে বেশ কয়েকজন মানসম্পন্ন স্পিনার আছেন। তাই তাদের মোকাবিলায় আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। তারা অত্যন্ত দক্ষও বটে। আমার মনে হয়, তাদের বিপক্ষে আমাদের খুব ভালো বোলিং করতে হবে। ‘
বাংলাদেশের পেসার মারুফা আক্তারকে নিয়ে অজি অধিনায়ক বলেন, তার বিষয়ে অস্ট্রেলিয়ার প্রস্তুতির প্রয়োজন রয়েছে। মলিনিউ বলেন, ‘সে খুবই দক্ষ একজন বোলার এবং তার বিষয়েও আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। গত দুই-তিন বছরে আমরা তাদের বিপক্ষে কিছু ম্যাচ খেলেছি, তাই সেই অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি। তবে একই সঙ্গে, আমাদের নিজস্ব কন্ডিশনে তাদের বিপক্ষে খেলাটা কিছুটা ভিন্ন হবে এবং সেই অনুযায়ী আমাদের মানিয়ে নিতে হবে। ‘

