ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড, পরবে কালো আর্মব্যান্ড

ইসরায়েলের বিপক্ষে খেলবে আয়ারল্যান্ড, পরবে কালো আর্মব্যান্ড

উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচ না খেলার দাবি উঠলেও শেষ পর্যন্ত মাঠে নামছে আয়ারল্যান্ড। তবে গাজা যুদ্ধে নিহতদের স্মরণে তারা কালো আর্মব্যান্ড পরবে।

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচটি বয়কট না করে খেলার সিদ্ধান্ত নিয়েছে আয়ারল্যান্ড। তবে গাজা যুদ্ধে নিহতদের স্মরণে ম্যাচে আইরিশ ফুটবলাররা কালো আর্মব্যান্ড পরবেন এবং ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতা এড়িয়ে চলবেন। হাঙ্গেরিতে হতে যাওয়া এই ম্যাচটি বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে শুরু হওয়ার কথা রয়েছে।

নেশনস লিগে ইসরায়েলের সঙ্গে একই গ্রুপে পড়ার পর থেকেই আয়ারল্যান্ডে ম্যাচটি বর্জনের দাবি জোরালো হয়। গাজা যুদ্ধকে কেন্দ্র করে দেশটিতে চলা বিতর্কের মধ্যে ম্যাচ দুটি না খেলার দাবিতে ‘স্টপ দ্য গেম’ নামে একটি প্রচারণাও শুরু হয়েছিল।

শনিবার সকালে ম্যাচটি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন স্থগিত করা হয় এবং দলের অনুশীলনেও বিলম্ব ঘটে। পরবর্তীতে হোটেলে খেলোয়াড়রা নিজেদের মধ্যে বৈঠক করেন। দলের ভেতরের উদ্বেগের কারণে গোলকিপার গাভিন বাজুনু ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নেন। এরপর খেলোয়াড়দের নিজেদের ভোটাভুটিতে শেষ পর্যন্ত খেলার সিদ্ধান্ত হয়।

ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) প্রধান নির্বাহী ডেভিড কোরেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খেলোয়াড়দের অনুরোধ অনুযায়ী চলতি আন্তর্জাতিক বিরতির বাকি সময়ে তারা কোনো গণমাধ্যম কার্যক্রমে অংশ নেবেন না। একই সঙ্গে রিপাবলিক অব আয়ারল্যান্ড ম্যাচ-পূর্ববর্তী কিছু আনুষ্ঠানিকতায় অংশ নেবে না।

কোরেল আরও জানান, খেলোয়াড়দের ইচ্ছা অনুযায়ী ইসরায়েলের বিপক্ষে দুই ম্যাচের ফি এবং ডাবলিনের আভিভা স্টেডিয়ামে অস্ট্রিয়ার বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচ থেকে পাওয়া অর্থের একটি বড় অংশ দাতব্য কাজে দেওয়ার পরিকল্পনা রয়েছে।