সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত

সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত

সংসদ ভবন লেকে মোট ১,২০০ কেজি পোনামাছ অবমুক্ত করার অংশ হিসেবে সোমবার ২৫০ কেজি পোনা ছাড়া হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

লেকে মোট ১,২০০ কেজি পোনামাছ অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে এদিন রুই, মৃগেল, কাতলা ও কালিবাউশ জাতের ২৫০ কেজি পোনামাছ অবমুক্ত করা হয়। অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, মানুষের আমিষের ঘাটতি দূর করতে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মাছ চাষ একটি জরুরি উদ্যোগ। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে মাছ চাষের অংশ হিসেবে সংসদ ভবন লেকে ধাপে ধাপে মাছ ছাড়া হচ্ছে। এর মাধ্যমে গ্রামীণ জনগণকে মৎস্য উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া তিনি মাছ উৎপাদন ও আহরণের জন্য বাংলাদেশের উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বর্ণনা করেন।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার স্বাগত বক্তব্যে শুরু হওয়া এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেন, মানুষের আমিষের চাহিদা পূরণে মাছ ও মাংসের উৎপাদন বৃদ্ধিতে প্রধানমন্ত্রী দিন-রাত পরিশ্রম করছেন এবং বিশেষ উদ্যোগ নিয়েছেন। চিফ হুইপ আরও বলেন, ‘আমাদের সন্তান থাকুক দুধে-ভাতে’ ও ‘মাছে-ভাতে বাঙ্গালি’ বাস্তবায়নে দেশের সকল আনাচে-কানাচে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।