প্রাথমিকে বঞ্চিত ৮১৭ জনের নিয়োগ ১ অক্টোবরের মধ্যে

প্রাথমিকে বঞ্চিত ৮১৭ জনের নিয়োগ ১ অক্টোবরের মধ্যে

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বাদ পড়া ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮১৭ জনকে আগামী ১ অক্টোবরের মধ্যে নিয়োগ দেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় তিনি এই তথ্য জানান। বিশ্ব শিক্ষক দিবস উদযাপনের প্রস্তুতি হিসেবে এই সভার আয়োজন করা হয়।

শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে এখন পর্যন্ত ৮১৭ জনের নিয়োগ দেওয়া বাকি রয়েছে। ১ অক্টোবরের মধ্যে তাদের নিয়োগ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ চলছে। তবে এই নির্দিষ্ট সময়ের মধ্যে যাদের নিয়োগ সম্ভব হবে না, তাদের ক্ষেত্রে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে হওয়া প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রায় ১০ লাখ ৬৯ হাজার প্রার্থী অংশ নিয়েছিলেন। পুরো নিয়োগপ্রক্রিয়া ঠিকভাবে শেষ করার পদক্ষেপ নেওয়ার পর চূড়ান্ত আবেদনও জমা হয়েছে।

নিয়োগপত্র দেওয়ার আগে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হয় বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এই প্রক্রিয়ায় বেশ কিছু প্রার্থীর ভেরিফিকেশন বাকি ছিল এবং অনেকের ঠিকানা পরিবর্তনের তথ্য পাওয়া গেছে। প্রার্থীরা পর্যায়ক্রমে প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য জমা দিচ্ছেন। এই যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহের কাজ এবং অনিষ্পন্ন নিয়োগের পর্যালোচনা ১ অক্টোবর পর্যন্ত চলবে।