দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমল স্বর্ণের দাম

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের নতুন দর ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে বাজুস।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় সোমবার সকাল ১০টা থেকে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ এখন থেকে এ মানের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকায়।

বাজুস বিজ্ঞপ্তিতে জানায়, সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনা করে নতুন এই দর নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্য কার্যকর থাকবে।

সংগঠনটি আরও জানিয়েছে, স্বর্ণ ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে অলঙ্কারের নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে দিতে হবে। এ ছাড়া নির্ধারিত ভ্যাট, মজুরি এবং পাথরের মূল্য বাদ দিয়ে অলঙ্কার বিনিময় ও পুনরায় কেনার ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকবে।

এর আগে সর্বশেষ ২৬ সেপ্টেম্বর সকালে দাম সমন্বয় করেছিল বাজুস, যা সেদিন সকাল ১০টা থেকে কার্যকর হয়। সেদিন ভরিতে ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম ভ্যাটসহ নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। সে সময় ২১ ক্যারেট ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছিল।

বাজুসের তথ্যানুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৮ দফা স্বর্ণের দাম সমন্বয় করা হলো। এর মধ্যে ৫৮ দফা দাম বাড়ানো হয়েছে, ৫৯ দফা কমানো হয়েছে এবং এক দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। এর আগে ২০২৫ সালে সংস্থাটি মোট ৯৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করেছিল, যার মধ্যে ৬৪ বার বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।