ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন দেওয়ার চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সংবিধান সংশোধনের বিল উত্থাপন হতে পারে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদে কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ জানান, আগামী ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন সংসদে জমা দেওয়ার চেষ্টা চলছে। কমিটির ওই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় বিলটি সংসদে আনবে।
তিনি জানান, সংবিধানের মৌলিক কোনো বিষয়ে পরিবর্তন আনলে রাষ্ট্রপতির স্বাক্ষরের পূর্বে গণভোটের আয়োজন করতে হবে। প্রস্তাবনা, ১৪২ অনুচ্ছেদ কিংবা প্রাসঙ্গিক সাংবিধানিক বিধানে সংশোধনী আনলে গণভোটের বাধ্যবাধকতা কার্যকর থাকবে। সংসদ থেকে সংশোধনী পাস হওয়ার পর এটি গণভোটে যাবে এবং জনগণের অনুমোদন পেলেই রাষ্ট্রপতি তাতে স্বাক্ষর করবেন।
তিনি উল্লেখ করেন, সংবিধানে আগে ১৪২ অনুচ্ছেদে এই বিধান থাকলেও আওয়ামী লীগ সরকারের সময়ে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তা বাতিল করা হয়েছিল। ৫ আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পঞ্চদশ সংশোধনী বাতিল নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের ফলে বিধানটি আবার ফিরে এসেছে।
গণভোটের আওতায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখার প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ভবিষ্যতে কোনো সংসদ যাতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বদলে ফেলতে না পারে, সেজন্য সংশ্লিষ্ট বিধান পরিবর্তনে গণভোট বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। বিএনপির পক্ষ থেকেও এই প্রস্তাব এসেছে।
সংবিধান সংশোধনে জুলাই জাতীয় সনদকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতিগুলোও বিবেচনায় রাখা হবে বলে তিনি উল্লেখ করেন। রাজনৈতিক দলগুলোকে আলোচনায় অংশ নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিরোধী দল কমিটিতে এলে তাদের মতামত নিয়েও আলোচনা করা হবে।

