মিরপুরে রাড্ডা এমসিএইচ স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠায় শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকার মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট এবং ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাকে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার গভীর রাতে ভারী যন্ত্রপাতি এনে মিরপুর ১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচের একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেয় হামলাকারীরা। মালামাল লুটের পর তারা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’ লেখা একটি সাইনবোর্ড টানিয়ে দেয়। প্রতিষ্ঠানটি সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় মা এবং শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, প্রসূতি সেবা ও পরিবার পরিকল্পনা সেবা দিয়ে আসছিল।
এ ঘটনায় রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার শাহআলী থানায় মামলা করেন। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। হামলার ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। এছাড়া সেখান থেকে লুট হওয়া দুই ট্রাক মালামালও উদ্ধার করা হয়েছে।
শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ জানান, খবর পেয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে গিয়েছিল কি না এবং তাদের কোনো অবহেলা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের গাফিলতি তদন্তে দারুসসালাম অঞ্চলের অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

