জাতিসংঘ অধিবেশন শেষে দেশে ফিরে বিমানবন্দরে ব্রিফিংয়ে কড়া হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে কাউকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। রোববার সকালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তিনি জানান, অপরাধী যেই হোক আইন তার নিজস্ব গতিতে চলবে।
মিরপুরের রাড্ডা ক্লিনিক ও আগের রাতে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে উপদেষ্টা জানান, সরকারের নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সক্রিয় রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
যুক্তরাষ্ট্রের সফরকে ফলপ্রসূ আখ্যা দিয়ে মাহদী আমিন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্ভাবনা ও বিভিন্ন অগ্রাধিকার তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি কৃষি, প্রযুক্তি, নারী ও তরুণদের প্রসঙ্গ টেনে আত্মনির্ভরশীল জাতি গঠনের প্রত্যয় জানান। এ সফরে তিনি ৩০টি সরকারি কর্মসূচি ও ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিয়েছিলেন। এছাড়া বোয়িংয়ের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজ কেনার চুক্তি কোনো চাপের মুখে নয়, বরং দ্বিপক্ষীয় স্বার্থ বিবেচনা করে করা হয়েছে বলে তিনি জানান।
এর আগে রোববার সকাল সাড়ে ৮টার দিকে প্রধানমন্ত্রী, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের বহনকারী বিমান ঢাকায় অবতরণ করে। শনিবার রাতে নিউইয়র্ক থেকে দুবাই হয়ে এমিরেটসের একটি ফ্লাইটে তাঁরা দেশে ফেরেন।
