ইউক্রেনের কাছে ২১০ কোটি ডলারের প্যাট্রিয়ট বিক্রির অনুমোদন ট্রাম্পের

ইউক্রেনের কাছে ২১০ কোটি ডলারের প্যাট্রিয়ট বিক্রির অনুমোদন ট্রাম্পের

কানাডা, জার্মানি ও নরওয়ের অর্থায়নে ইউক্রেনের জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে। এতে যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো অর্থ ব্যয় হবে না।

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইউক্রেনের কাছে ২১০ কোটি ডলার মূল্যের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বিক্রির অনুমোদন দিয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় বলে এনবিসি নিউজের বরাতে জানানো হয়েছে।

বিবৃতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি কর্মসূচির আওতায় কানাডা, জার্মানি ও নরওয়ের দেওয়া অর্থে ইউক্রেনের জন্য ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র কেনা হচ্ছে। এই অস্ত্র ক্রয়ে যুক্তরাষ্ট্রের নিজস্ব কোনো অর্থ ব্যয় হবে না। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ইউরোপে রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে ভূমিকা রাখা একটি অংশীদার দেশের নিরাপত্তা জোরদার করতে এই প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য পূরণ হবে।

সম্পর্কিত: ইউক্রেনকে ৫০০টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার হামলা থেকে দেশকে রক্ষা করতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রব্যবস্থার প্রয়োজনীয়তার কথা বারবার তুলে ধরেছেন। দুই সপ্তাহ আগে এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, চলতি বছর ইউক্রেনের সেনারা শক্ত অবস্থান ধরে রেখেছেন এবং বেসামরিক নাগরিকদের সুরক্ষায় আকাশ প্রতিরক্ষাব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে। তবে প্যাট্রিয়টসহ অন্যান্য আকাশ প্রতিরক্ষাব্যবস্থার ক্ষেপণাস্ত্রের বড় ঘাটতি রয়েছে। বিভিন্ন দেশ ইউক্রেনের জন্য যেসব প্রতিরোধী ক্ষেপণাস্ত্র কিনেছে, সেগুলো সরবরাহে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন দেরি করছে বলেও এর আগে অভিযোগ করেছিলেন তিনি।

এমন এক সময়ে এই বিক্রির অনুমোদন দেওয়া হলো, যখন ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনা বাড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বন্ধের প্রচেষ্টায় জেলেনস্কিকে বাধা হিসেবে উল্লেখ করেছিলেন তিনি। এদিকে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংকের ওপর বিধিনিষেধের কারণে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা ঝুঁকির মুখে পড়েছিল বলে সম্প্রতি মন্তব্য করেন জেলেনস্কি। দীর্ঘ সময় বিভ্রাটের পর ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্সের স্টারলিংক এবং সামরিক সংস্করণ স্টারশিল্ড পুরোপুরি সচল হয়েছে বলে ইউক্রেন জানিয়েছে। এর দুই দিন আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন যে মাস্ককে সেবাটি আবার চালু করতে বলা হয়েছে।